Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:১৪ | আপডেট: ৭ মে ২০২৬ ২০:৫৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংককে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অর্থ পাচার প্রতিরোধ, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং আর্থিক খাত সংস্কারে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭‌ মে)বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, স্টোলেন অ্যাসেট রিকভারি–বিষয়ক পরামর্শক ফারহানুল গণি চৌধুরী উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষে অংশ নেন এমা উইন্ড ও ইসাম মোসাদ্দেক।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ব্যাংক ও যুক্তরাজ্য সরকারের চলমান সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, পেমেন্ট সিস্টেম উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়। ব্যাংক রেজুলুশন আইনসহ আর্থিক খাত সংস্কার নিয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া অর্থ পাচার প্রতিরোধ ও বিদেশে পাচার হওয়া অর্থ–সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ গুরুত্বারোপ করে। বিশেষ করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। আসন্ন এফএটিএফ মিউচুয়াল ইভ্যালুয়েশন, অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং ভিসা আবেদন–সংক্রান্ত ব্যাংক হিসাবের তথ্য ডিজিটালভাবে যাচাইয়ের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়নে যুক্তরাজ্যের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ক্যাশলেস সমাজ ও শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সারাবাংলা/এসএ/এসআর