Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গভর্নরের সঙ্গে কৃষি ব্যাংক পর্ষদের বৈঠক / প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে নেওয়ার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:০২

কৃ‌ষি ব্যাংকের এম‌ডি সঞ্চিয়া বিনতে আলী – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ব্যাংকের আর্থিক অবস্থা, খেলাপি ঋণ, কৃষিঋণ কার্যক্রম, রেমিট্যান্স প্রবাহ এবং ডিজিটাল রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোমবার (১১ মে) বৈঠক শে‌ষে এসব কথা ব‌লেন কৃ‌ষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) সঞ্চিয়া বিনতে আলী ।
সঞ্চিয়া বিনতে আলী সাংবাদিকদের বলেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি গভর্নরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং তিনি ধৈর্যের সঙ্গে সব বিষয় শুনেছেন। বিশেষ করে বর্তমান সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচি বাস্তবায়নে কৃষি ব্যাংক সর্বাত্মকভাবে কাজ করছে বলেও তারা গভর্নরকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তি‌নি আরও জানান, গত কয়েক বছরের তুলনায় ব্যাংকের ঋণ আদায় পরিস্থিতিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে কৃষি ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে বলেও গভর্নরকে অবহিত করা হয়েছে।

তি‌নি বলেন, ১ হাজার ৮৩টি শাখার বিশাল নেটওয়ার্ক নিয়ে সীমিত জনবল দিয়েও ব্যাংকটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সেবার মান বাড়াতে অটোমেশন ও ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর।

ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, গভর্নর বলেছেন—বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক শুধু মুনাফার জন্য কাজ করে না, তবে বর্তমান বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে যেতে হবে। সে জন্য ভিন্নধর্মী চিন্তা ও কার্যক্রম গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

খেলাপি ঋণ আদায় নিয়ে গভর্নরের কোনো বিশেষ নির্দেশনা ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, খেলাপি ঋণ আদায়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ব্যাংকের সমস্যাগুলো গভর্নর বুঝেছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, স্যারের নির্দেশনা খুবই ইতিবাচক। আমরা এখন চিন্তা করছি কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়।

সারাবাংলা/এসএ/এসআর