Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্র্যাকের সেবায় ২ কোটি ৬০ লাখ মানুষ; গুরুত্ব পাচ্ছে নারী ও প্রান্তিক জনপদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:৫৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালে দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ব্র্যাকের বিভিন্ন সেবা ও সহায়তা পেয়েছে, যার একটি বড় অংশই হলো নারী। এই বিশাল জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার প্রতি ৭ জনে ১ জনের সমান।

সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়।

সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ জানান, ব্র্যাকের সহায়তা পাওয়া সরাসরি সুফলভোগীদের প্রতি ৩ জনের মধ্যে ২ জনই নারী।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর ১ কোটি ৯০ লাখ নারী সরাসরি ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি থেকে সহায়তা পেয়েছেন। বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আসিফ সালেহ্ তাঁর বক্তব্যে বলেন, ব্র্যাক বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ এবং সেই ধারাবাহিকতায় নারী ও যুবসমাজকে কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ৫ বছরে ৯৮ হাজার ৬০০ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগের বিপরীতে আইনি সহায়তা পেয়েছেন। এছাড়া ১ লাখ ২ হাজার কিশোরী নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও লক্ষ্য অর্জনে ব্র্যাকের উদ্বুদ্ধকরণ সহায়তা লাভ করেছে। বাল্যবিয়ে প্রতিরোধেও ব্র্যাকের ভূমিকা ছিল জোরালো; ২০২৫ সালে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ উদ্যোগে ২ হাজার ২৩৭টি বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতা বাড়িয়েছে ব্র্যাক। বর্তমানে মোট ঋণ সহায়তার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে, যার প্রধান লক্ষ্যই ছিল নারী উদ্যোক্তা তৈরি ও কৃষি সহায়তা। স্বাস্থ্য খাতের সাফল্যে দেখা যায়, গত ৫ বছরে ২১ লাখ মা নিরাপদ প্রসবসেবা পেয়েছেন। এছাড়া শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী ৬ লাখ ৪৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৬ শতাংশই ছিল ছাত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও দুর্যোগ প্রস্তুতিতেও নারীদের নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

আগামী পাঁচ বছরের পরিকল্পনা সম্পর্কে ব্র্যাক জানিয়েছে, তারা নারী ও যুবসমাজকে কেন্দ্র করে ১০ লাখ কর্মসৃজন এবং ১২ লাখ ৫০ হাজার নারী কৃষকের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ২৬৮টি উপজেলায় ৬৫ হাজার কিশোরীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আইনি সেবা আরও সহজলভ্য করতে ২৬৮টি লিগ্যাল এইড ক্লিনিকের কার্যক্রম জোরদার করা হবে।

সারাবাংলা/এফএন/এসআর