Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাভেলকে মারধরের ঘটনায় এফআইআর প্রত্যাহার নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৫:৫৭

ছাত্রলীগ সন্দেহে গত ৮ মার্চ রাতে ক্যাম্পাসে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেল – (সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় দায়ের করা এফআইআর প্রত্যাহার কেন অবৈধ ঘোষণা করা হবে না। এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন। শুনানির সময় আদালতে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার এজাহারের প্রসঙ্গও উঠে আসে। এ সময় আদালত মন্তব্য করেন, কোনো ঘটনায় একবার এফআইআর দায়ের হলে তা প্রত্যাহারের সুযোগ নেই।

গত ৮ মার্চ গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়ার পর রাহিদ খান পাভেলকে শাহবাগ থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা তার ওপর হামলা চালিয়েছেন।

রাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

ঘটনার বর্ণনায় তিনি জানান, তাকে ইট, বেল্ট ও মোটরসাইকেলের লক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। প্রথমে এসএম হলের সামনে, পরে ভিসি চত্বর, কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি থানার ভেতরেও তাকে মারধর করা হয়েছে দাবি করে রাহিদ বলেন, পরে পুলিশ তাকে রক্ষা করে।

রাহিদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মো. সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরারসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন।

তবে অভিযোগকারীরা নিশ্চিতভাবে বলতে পারেন নি, রাহিদ ছাত্রলীগের কোনো কমিটিতে সরাসরি যুক্ত ছিলেন কি না।

পরবর্তীতে এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/এসআর