Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোখে গুলিবিদ্ধ চট্টগ্রামের সেই শিশু মারা গেছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১২:৫৬ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:০৮

রেশমি আক্তার।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তার মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে)সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে শিশু রেশমি আক্তার গুলিবিদ্ধ হয়। বাসা থেকে বের হয়ে একটি দোকানের সামনে দিয়ে পান কিনতে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বাম চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে পরে বেসরকারি একটি হাসপাতালের আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

বিজ্ঞাপন

পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি সবার ছোট। তাদের বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা।রেশমি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৯ মে সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

সেদিনের গুলির ঘটনায় নিহত হন হাসান রাজু। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে রাজুকে হত্যা করা হয়েছে বা কারা এই মাস্কধারী সন্ত্রাসী, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।

সারাবাংলা/এসএন/ইআ