Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেট
১৬ মে ২০২৬ ১১:২৫ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:১২

ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সারের সক্রিয় ভূমিকা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সংস্কৃতিকর্মী ছিলেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী কণ্ঠ হিসেবেও মানুষের কাছে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ আরও বলেন, দমন-পীড়নের সময়েও কারিনা সাধারণ মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে ভূমিকা রেখেছেন। তার সাহস, সংগ্রামী মানসিকতা ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি’র এ নেতা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর