Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় খায়রুল হককে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৬:২৫ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৫১

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক-কে সুনির্দিষ্ট কোনো নতুন মামলায় গ্রেফতার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হক-এর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে।

বিজ্ঞাপন

গত ২৮ এপ্রিল যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় খায়রুল হক-এর জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এরও আগে ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় তার জামিন মঞ্জুর করেন। পরে ১১ মার্চ দুদকের আরেক মামলায়ও তিনি জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা ও আদাবর থানার রুবেল হত্যা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে ১২ মে ওই দুই মামলায়ও জামিন পান।

বর্তমানে খায়রুল হকের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।