Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই পুনঃঅর্থায়ন তহবিল / বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২৪ ব্যাংক ও ৫ আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৯:১২ | আপডেট: ১৮ মে ২০২৬ ২২:৩০

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে সহজশর্তে অর্থায়ন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের গঠিত সাড়ে ৪ হাজার কোটি টাকার দুটি পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ২৪টি ব্যাংক ও ৫টি ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি সই করা হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব চুক্তি সই করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর পরিচালক নওশাদ মোস্তাফা এবং অংশগ্রহণকারী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, ৩ হাজার কোটি টাকার ‘Cluster Financing Scheme’ এবং ১ হাজার ৫০০ কোটি টাকার ‘Financial Sector Fund for the Development of Micro, Small and Medium Enterprises (FSFDMSME)’ তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা হারে মেয়াদি ও চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সুবিধা পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এই দুই পুনঃঅর্থায়ন তহবিল সিএমএসএমই খাতে, বিশেষ করে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সহজ করবে এবং খাতটির কার্যকর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সিএমএসএমই এবং ক্লাস্টার শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। উৎপাদনমুখী ক্লাস্টার শিল্প দেশীয় পণ্যের বিকাশের পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও অবদান রাখছে।

উল্লেখ্য, ক্লাস্টার অর্থায়ন জোরদারে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘ক্লাস্টার অর্থায়ন স্কিম’ নামে ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়। একই দিনে এমএসএমই খাতে সহজশর্তে অর্থায়ন নিশ্চিতে ১ হাজার ৫০০ কোটি টাকার FSFDMSME তহবিলও গঠন করা হয়।

সারাবাংলা/এসএ/এসআর