Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেইরি ও খাদ্যপণ্যের সাপ্লাই চেইনে নিউজিল্যান্ডকে বিনিয়োগের আহ্বান ডিসিসিআই’র

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ২০ মে ২০২৬ ২০:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ডেইরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সাপ্লাইচেইন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য নিউজিল্যান্ডের উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বুধবার (২০ মে) রাজধানীর গুলশানে ডিসিসিআই সেন্টারে শ্রীলঙ্কায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় নিউজিল্যান্ড বিশ্বমানের অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, প্রাণিখাদ্য উৎপাদন, ডেইরি খামারের আধুনিকায়ন, উন্নত জাতের গবাদিপশু উন্নয়ন, মৎস্য ও ভেটেরিনারি প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য, খাদ্যপণ্যের সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, পানি ও জলবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নিউজিল্যান্ডের বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।
ডিসিসিআই সভাপতি জানান, ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৭ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও তথ্যপ্রযুক্তি সেবার আমদানি আরও বাড়ানোর আহ্বান জানান।

ডেভিড পাইন বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে। এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি।

তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুযোগ রয়েছে। পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শুধু রফতানি নয়, আমদানি বাজারও বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

হাইকমিশনার আরও বলেন, উচ্চমানের খাদ্যপণ্য, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং জিএমওমুক্ত পণ্যের জন্য নিউজিল্যান্ড বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে তাদের আগ্রহ রয়েছে।