Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশুলিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেট
২১ মে ২০২৬ ১৪:১৯ | আপডেট: ২১ মে ২০২৬ ১৬:৩৮

মহানগর দায়রা জজ আদালত – ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সীমা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্বামী মো. রেজাউল করিম মাদবর-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আশুলিয়ার জিরাবো এলাকায় স্ত্রী সীমা আক্তার ও তাদের ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করতেন রেজাউল। সীমা একটি গার্মেন্টসে চাকরি করলেও রেজাউল কোনো কাজ করতেন না। কাজ করার কথা বললে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি।

বিজ্ঞাপন

২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রেজাউল সীমার মাথায় আঘাত করে এবং পরে তাকে জবাই করে হত্যা করেন। ঘটনার পর পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক আফাজ উদ্দিন ও স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় সীমার বাবা জাহিদুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন রেজাউল। তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর ফারুক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে ২০১৭ সালের ১১ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচারকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর