Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিন বন্ধ, মেট্রো চলাচলের নতুন সূচি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ২১ মে ২০২৬ ২০:৩৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের প্রকাশিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোয় যাত্রীর চাপ বিবেচনা করে সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও সাড়ে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। বিশেষ করে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। এই ছুটির সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, টিকিট বিক্রির বিষয়ে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, স্টেশনগুলোয় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র‍্যাপিড পাসে টপআপ সুবিধা চালু থাকবে। যাত্রীদের সুবিধার্থে মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে যেসব যাত্রীর কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেবল পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাত্রা করতে পারবেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো