Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ২৭ মে ২০২৬ ১১:৩৪

প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও পবিত্র ঈদুল আজহা সমাগত।

এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে তিনি ঈদ মোবারক জানান। একইসঙ্গে তিনি বিশ্ববাসীকেও পবিত্র ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

পরিশেষে তিনি লেখেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।