Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১০:৩৬ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৩৫

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার আনন্দমুখর দিনে আজ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে উৎসবের এই দিনে স্বস্তির পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিছুটা দুঃশ্চিন্তা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরীফুল নেওয়াজ কবির-এর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঈদের দিন সকাল ও রাতের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। যা ঈদের আনন্দ আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই আকাশ মেঘলা থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ জানান, ঈদের দিন সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তিনি বলেন, দুপুরের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা কিংবা রাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মুসল্লিদের মধ্যে উৎসবের আমেজ বজায় রয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর