Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১০:২৭ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:২৮

ঢাকা: পবিত্র হজ পালন শেষে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফিরেছেন।

ফিরতি ফ্লাইটের যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন যাত্রী রয়েছেন। শুক্রবার (২৯ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি যাত্রা শুরু করে এবং শনিবার (৩০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করতে হজ প্রশাসনিক দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবে অবস্থানরত হাজিদের আবাসন ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সভায় প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়, যা ২১ মে শেষ হয়। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর