Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে কোনো কর্মবিরতি চলছে না: ভারপ্রাপ্ত এমডি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৪:৪৬ | আপডেট: ৪ জুন ২০২৬ ২০:১৪

ইসলামী ব্যাংক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসাইন – ছবি : সারাবাংলা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মবিরতি পালন করছেন না বলে দাবি করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন।

তিনি বলেন, সম্প্রতি বাইরে ব্যাংকের কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাস্তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মবিরতিতে নেই। বরং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী প্রস্তুত রয়েছেন।

বৃহস্প‌তিবার (৪ জুন) ব্যাংক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলতাফ হোসাইন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক বলেন, কোনো শাখা বা দফতরে সেবা প্রদানে গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে দাবি করে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শাখা, উপশাখা ও করপোরেট অফিসে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে কোনো ধরনের বিভ্রান্তি বা উদ্বেগে না পড়ার আহ্বান জানান তিনি।

আলতাফ হোসাইন বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে গ্রাহকদের আস্থা ধরে রাখতে বদ্ধপরিকর। এ কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারী ইচ্ছাকৃতভাবে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটালে বা দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যাংকের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকদের লেনদেন, নগদ উত্তোলন, জমা, রেমিট্যান্স, অনলাইন ব্যাংকিংসহ সব ধরনের সেবা স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।