Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস বিস্ফোরণে ৬ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৪:২৫ | আপডেট: ৬ জুন ২০২৬ ২১:৩৯

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন সহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে মিরপুর ১০ গোলচত্বর এলাকায় এবং ভোর ৬টার দিকে উত্তরখানের বাসায় দুর্ঘটনা দুটি ঘটে। মিরপুরের ঘটনায় দগ্ধরা হলেন- মিরাজ (২৬) সুজন (২৪) বিপ্লব (২৪) এবং উত্তরখানে- আলী হোসেন (৫০), স্ত্রী হাসনা হেনা(৪০) ও মেয়ে আঁখি আক্তার (৩০)।

উত্তরখানে দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্না ঘর থেকে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হয়। এরপর তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

এদিকে মিরপুর এলাকায় দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর পাইকপাড়া এলাকায়। তার স্বামী মিরাজ লেবারের কাজ করেন। ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এসময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। এরপর সেখানে থাকা লোকজন তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউট নিয়ে আসে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে ৬ জন দগ্ধ এসেছে। এদের মধ্যে একই পরিবারের তিনজন আছে। উত্তরখানের আলী হোসেনের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ, ও আখির ১৫ শতাংশ; এবং মিরাজের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ ও বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এসআর