Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা শুরু

স্টাফ করেসপন্ডেট
৭ জুন ২০২৬ ১১:২২ | আপডেট: ৭ জুন ২০২৬ ১২:০০

ঢাকা: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়েছে।

রোববার (৭ জুন) বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের আদেশ পাঠ শুরু করেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে মামলার আসামি স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়। রায় ঘোষণার আগে উভয় আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়।

বিজ্ঞাপন

গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেন। মাত্র চার কার্যদিবসের মধ্যেই মামলার বিচারকাজ সম্পন্ন হয়। এর আগে ১ জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হলে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন দুই আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন স্বপ্না খাতুন। পরে মেয়েকে খুঁজতে গিয়ে সোহেলের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতর তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান তারা।

ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর