Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলনে মাঠে নামলেন নারীরাও

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৪:২৪ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৫:৫১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। এবার মাঠে নেমেছেন নারীরাও।

মঙ্গলবার (৯ জুন)-এর কর্মসূচিতে নারী গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, এর আগে টানা ৮ দিন মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও নবম দিনে এসে তারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নারী গ্রাহকরা বলেন, চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী গ্রাহকদের আরও ব‌লেন, তাদের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে খুরশিদ আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে। একই সঙ্গে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও পেশাদার একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা জানান, গত ৫ আগস্টের পর নিয়োগ পাওয়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুকের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল। তাই তাকে পুনর্বহাল বা পুনঃনিয়োগের দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা ব‌লেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দাবি তোলেন।

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না হলে আমানতকারীদের মধ্যে আস্থার সংকট আরও গভীর হতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সারাবাংলা/এসএ/এসআর