Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল?

ক্রীড়া ডেস্ক
১৩ জুন ২০২৬ ০৯:৩৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:১৮

অনেক নাটকের পর ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। তবে ইনজুরির সঙ্গে লড়াইয়ে পেরে উঠছেন না এই তারকা ফুটবলার। আজ মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল, এমন আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেছেন, নেইমার আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন। অর্থাৎ আজ ভোর চারটায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। আনচেলত্তি সরাসরি না বললেও নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

বিজ্ঞাপন

পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার সংগ্রাম করা নেইমারকে কেন বিশ্বকাপ দলে রাখা হয়েছে, সেটা ব্যাখ্যা করে কোচ আরও বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়। তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকার বিষয়টিও বিবেচনায় ছিল।

যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্পে এখনো বুট পরে মাঠে নামেননি নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করলেও এখন পর্যন্ত শুধু রানিং শু ব্যবহার করেছেন এবং বেশির ভাগ সময় কাটিয়েছেন ফিজিওথেরাপিতে। বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন গোলরক্ষক আলিসন বেকার; রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও আলেক্স সান্দ্রো; মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেস আর আক্রমণভাগে লুকাস পাকেতা, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর