Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / হাইতির বিপক্ষে কোন কৌশলে ফিরছেন আনচেলত্তি?

ক্রীড়া ডেস্ক
১৮ জুন ২০২৬ ১০:৪৮ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১২:৪৬

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে মিশন হেক্সা নিয়ে বিশ্বকাপে যাওয়া ব্রাজিল। সেই ম্যাচের পর থেকেই আলোচনা, ব্রাজিল কি নিজেদের কৌশল বদলে ফেলবে?

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে দলের শুরুর একাদশ নিয়ে বরাবরের মতোই গোপনীয়তা বজায় রাখছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেও অনুশীলনে তার রণকৌশল কিন্তু ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।

হাইতির রক্ষণভাগ ভাঙতে আনচেলত্তি তার পুরনো ও আক্রমণাত্মক ‘৪-২-৪’ ফরমেশনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, নিউ জার্সির কলম্বিয়া পার্কের অনুশীলনে গত দুদিন ধরে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড একই ফরমেশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করেছেন।

বিজ্ঞাপন

তবে ম্যাচ শুরুর আগে ফুটবলারদের কাউকেই এখনো নিশ্চিত করেননি কে থাকছেন মূল একাদশে। হাইতি ম্যাচে ব্রাজিল দলে অন্তত দুটি পরিবর্তন দেখা যেতে পারে। ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলো এবং লুকাস পাকেতার পজিশনে লুইজ হেনরিকের শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ব্রাজিলের আক্রমণভাগে প্রতিভার ছড়াছড়ি থাকায় আনচেলত্তি কাকে রেখে কাকে নামাবেন, তা নিয়ে মধুর সমস্যায় আছেন। ইগর থিয়াগোকে মূল দলে রেখে অনুশীলন করানো হলেও তার জায়গায় ম্যাথিউস কুনহাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে মাঝমাঠের চালিকাশক্তি কাসেমিরোকে নিয়ে কিছুটা ভাবনায় আছে দল। আনচেলত্তির অধীনে খেলা ১৩ ম্যাচের ১২টিতেই শুরু থেকে খেলেছেন তিনি। তবে মরক্কোর বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখায় প্রথমার্ধের পরেই তাকে তুলে নেওয়া হয়েছিল। বুধবারের অনুশীলনে ব্রুনো গিমারায়েসের সঙ্গে ফাবিনহোকে পরখ করেছেন কোচ। তাই মাঝমাঠের চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই আসতে পারে।

দলের অন্যতম দুই ভরসা গ্যাব্রিয়েল মাগালায়েস ও রাফিনিয়াকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট। বর্তমানে তারা মূল দলের বাইরে একটু হালকা অনুশীলন করছেন। ডিফেন্ডার গ্যাব্রিয়েলের বাম উরুর মাংসপেশিতে টান লেগেছে। এটা যেন বড় ইনজুরিতে রূপ না নেয়, তাই তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকে মরক্কো ম্যাচের পর পায়ে ফোসকা পড়ায় মাঠের বাইরে থাকা রাফিনিয়াও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাদের জায়গায় লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ জার্সিতে শেষ মুহূর্তের অনুশীলন সেরে ফিলাডেলফিয়ার উদ্দেশে রওনা দেবে সেলেসাওরা। সেখানে ম্যাচ ভেন্যুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর