Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি কর্মী নিয়োগে সৌদি আরবের কড়াকড়ি আরোপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৮:২১ | আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:১৫

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

শ্রমবাজারে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিধি মেনে চলা নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্ক ভিসার সংখ্যা সীমিত করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচটি ইনস্ট্যান্ট ওয়ার্ক ভিসা পাবে। অন্যদিকে, দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠানগুলো একবারে বা একই সপ্তাহে একাধিক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৫০টি ভিসা নিতে পারবে।

কিউয়া জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্ত এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো শুরুতে দুটি ভিসা পাবে। পরে সৌদিকরণ হার বৃদ্ধি করলে অতিরিক্ত ভিসা বরাদ্দ পাওয়া যাবে। বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ১০টি শর্তও নির্ধারণ করেছে কিউয়া।

বিজ্ঞাপন

এসব শর্তের মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক অবস্থা বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন রাখা, সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ ক্যাটাগরিতে থাকা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং ‘আবশের’ বা ‘মুকিম’-এর মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স রাখা।

এ ছাড়া ১০ বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিউয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া এবং ভিসার ধরন অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা বাধ্যতামূলক।

সারাবাংলা/একে/এসআর