Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ড্রয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
১৯ জুন ২০২৬ ০৭:৫৬ | আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:৫৯

বিশ্বকাপে টিকে থাকতে পয়েন্টের বিকল্প ছিল না তাদের সামনে। চেক রিপাবলিকের সঙ্গে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে টুর্নামেন্টে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলেরই পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা থাকল।

আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুর ৫ আর শেষের ৫ মিনিট হয়ে থাকল উত্তেজনার। ষষ্ঠ মিনিটেই এই আসরের দ্রুততম গোল করে চেক রিপাবলিককে এগিয়ে দেন সাডিলেক। লম্বা থ্রো ইন থেকে জোকার পাস ধরে দারুণ গোলটি করেন এই মিডফিল্ডার।

মাঝের সময়ে দুই দল ঠিক স্পষ্ট গোল হওয়ার মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ম্যাচ আবার জীবন্ত হয় শেষদিকে। শেষ ১০ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করে বাফানারা। ৮৩ মিনিটে ডি বক্সে মাসেকোর শট চেক ফুটবলার সুলচের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআর রিপ্লেতেও পেনাল্টি নিশ্চিত হয়। স্পটকিক থেকে মোকোএনার গোলে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

এই ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত হতো দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ মুহুর্তের গোলে দ্বিতীয়পর্বের স্বপ্ন জিইয়ে রাখল ২ ম্যাচে ১ হার ও ১ ড্রতে ১ পয়েন্ট পাওয়া দলটি।

দক্ষিণ আফ্রিকার মতো গ্রুপের প্রথম ম্যাচে হেরেছিল চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার কাছে ওই হারের পর দক্ষিণ আফ্রিকাকে হারানো ছাড়া উপায় ছিল না দলটির সামনে। ব্যর্থ হওয়ায় পূর্ণ ৩ পয়েন্ট পেল না চেকরা। অবশ্য এতে দলটির দ্বিতীয় পর্বের আশা হারিয়ে যায়নি। ২ ম্যাচে ১টি করে ড্র ও হার নিয়ে ১ পয়েন্ট পাওয়া চেক শেষ গ্রুপ ম্যাচে মেক্সিকোকে হারালে দ্বিতীয় পর্বে যেতে পারবে। ড্র করলেও সুযোগ থাকবে তাদের। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেও সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকারও।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর