Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
২৯ জুন ২০২৬ ১৫:১৭ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:২৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান এবং সাহস থাকে, তাহলে তিনি দেশে এসে জুলাই গণহত্যার ঘটনায় চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন। নয়াদিল্লিতে বসে দেশে ফেরার ঘোষণা দেওয়া কেবল রাজনৈতিক স্ট্যান্টবাজি।

তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। এসব প্রতিবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে সেগুলো ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব মামলায় আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

এদিকে, জুলাই গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর