ঢাকা: জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর এবং সেখানে নতুন ঋণের বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া সফর করেছেন এবং এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কোনো প্রতিনিধি বা কেউ উপস্থিত ছিলেন কি না।
তিনি বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে এই সফরের সময় নতুন কোনো ঋণের বিষয়ে আলোচনা হয়েছে কি না এবং যদি কোনো আলোচনা হয়ে থাকে, তবে সেই ঋণের সুদহার কত ধরা হয়েছে।
সংসদ সদস্য আখতার হোসেন ইআরডির কার্যক্রম ও সক্ষমতা নিয়েও সংসদে বিভিন্ন প্রশ্ন তোলেন। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি সাধারণত বিদেশ থেকে বিভিন্ন ঋণ নিয়ে আসা এবং সেসবের সার্বিক তদারকির দায়িত্ব পালন করে থাকে। এই সংস্থাটি সাধারণত এমন সব প্রকল্পে বিদেশি ঋণ নিয়ে আসে, যেসব প্রকল্পে নানা ধরনের দুর্নীতির ঘটনা ঘটে থাকে। ইআরডি এখনো পর্যন্ত এ ধরনের প্রকল্পগুলোর বিষয়ে কোনো জোরালো বা কার্যকর তদারকি ব্যবস্থা গ্রহণ করতে সামর্থ্য অর্জন করতে পারেনি। ইআরডি আসলে কত টাকার ঋণ নিয়ে আসছে এবং এর বিপরীতে সুদের হার কত, এই পুরো বিষয়ে যেন সরকারের পক্ষ থেকে সংসদের কাছে একটি সুস্পষ্ট ব্যাখ্যা বা ক্লারিফিকেশন দেওয়া হয়।