Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিতুমীর কলেজে বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শন শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩০ জুন ২০২৬ ১০:৫৯ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১১:২১

সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শনের আয়োজন শুরু হয়েছে। ব্রাজিল ও জাপানের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচ দিয়ে ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে খেলা দেখানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়। ম্যাচটিতে ২-১ গোলে জিতে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করে ব্রাজিল।

সন্ধ্যার পর থেকেই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ দেখার দাবি জানিয়ে আসা শিক্ষার্থীরা এই আয়োজনকে স্বাগত জানান।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মইদুল ইসলাম পারগ বলেন, বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলো দেখতে অনেক সময় ক্যাম্পাসের বাইরে যেতে হয়েছে। এতে যাতায়াতের ভোগান্তির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও ছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আনন্দিত এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও একইভাবে ক্যাম্পাসে প্রদর্শনের আশা করছেন।

বিজ্ঞাপন

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম অন্তু বলেন, বিশ্বকাপ শুরুর পর থেকে ক্যাম্পাসে খেলা দেখতে না পারায় আক্ষেপ ছিল। তবে ব্রাজিল-জাপান ম্যাচ দিয়ে কলেজে বড় পর্দায় খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বন্ধুদের সঙ্গে নিজেদের ক্যাম্পাসে বসে প্রিয় দলের জয় উপভোগ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ বলে উল্লেখ করেন।

আয়োজকদের পক্ষ থেকে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তার দাবি, এই উদ্যোগ প্রধানমন্ত্রীর সৌজন্যে বাস্তবায়িত হয়েছে এবং বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত একই স্ক্রিনে নকআউট পর্বের বাকি ম্যাচগুলোও প্রদর্শন করা হবে।

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার এই আয়োজনকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সহশিক্ষা কার্যক্রমের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও একই পরিবেশে একসঙ্গে উপভোগ করার সুযোগ অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর