Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিতুমীরে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণের মৌসুমী ফল উৎসব

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৮ জুন ২০২৬ ১২:৫১ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১২:২৪

মৌসুমী দেশীয় ফলের স্বাদ ভাগাভাগি করে নেওয়া এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের মৌসুমী ফল উৎসব। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজনটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

রোববার (২৮ জুন) তিতুমীরস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এ ফল উৎসবের আয়োজন করা হয়। বর্তমান কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচুসহ প্রায় ১০ ধরনের দেশীয় মৌসুমী ফলের প্রদর্শনী করা হয়। পরে উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ফল পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আশেকুন্নবী আশিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান তালুকদার রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ আনোয়ারুল অনু। প্রধান বক্তা ছিলেন কামরুজ্জামান নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম রেজা, সাহেদুজ্জামান সাকিব, জাহিদ হাসান মারুফ ও ইকবাল খান দুর্জয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আনোয়ারুল অনু বলেন, “সবার আগে লালমনিরহাট”—এই স্লোগানকে ধারণ করে জেলার ঐতিহ্য ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় মৌসুমী ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জেলা ভিত্তিক এমন মিলনমেলা শুধু শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে না, নতুন শিক্ষার্থীদের জন্যও একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে।

সারাবাংলা/এসএইচএস