Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

স্টাফ করেসপন্ডেট
১ জুলাই ২০২৬ ১৫:৪২

বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: বিদেশে পণ্য রফতানির আড়ালে প্রায় ২৮ লাখ ৩২ হাজার ডলার পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

এদিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, অটাম লুপ ও পিয়ারলেস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার, আরআর গ্লোবাল ট্রেডিং-এর স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ শাহরিয়ার রহমান।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধানে জানতে পারে, বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে অর্থ পাচার করা হয়। অটাম লুপ অ্যাপারেলস জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে খোলা তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে ফেরত আনা হয়নি।

তদন্তে আরও উঠে আসে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান ‘আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই’ এর কাছে এসব পণ্য রফতানি করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন সালমান এফ রহমান-এর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএসএফ রহমান-এর ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। তদন্তে বলা হয়েছে, একই পরিবারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিকল্পিতভাবে বিদেশে অর্থ স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মামলা করেন। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর একই ইউনিটের পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান তদন্ত শেষ করে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

জুলাই সাহসের নাম
১ জুলাই ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর