Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে যোগ দিলেন আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৬:০৮ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৮:৫৪

মো. আখতার হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. আখতার হোসেন। বাংলাদেশ ব্যাংক ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ জুন তাঁকে এ পদে নিয়োগ দেয়। পরে ৩০ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় তিনি প্রথমবারের মতো স্বতন্ত্র পরিচালক হিসেবে অংশ নেন।

বুধবার (১ জুলাই) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতার হোসেনের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তিনি এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। একই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিংয়ের পাশাপাশি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ কার্যক্রমেও যুক্ত ছিলেন আখতার হোসেন। তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকারদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর পরীক্ষক ও সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান) এবং হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ব্যাংক অব ইংল্যান্ড স্কলারশিপ কর্মসূচির আওতায় যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (এআইবিবি) অ্যাসোসিয়েট সদস্য।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএ/এসআর