Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনুর রায়ে নাহিদের অসন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২১:১৯ | আপডেট: ২ জুলাই ২০২৬ ০৮:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ রায়ে দেশের জনগণ, শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরা কাঙ্ক্ষিত ন্যায় বিচার পাননি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় হাসানুল হক ইনু প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিলেন। তাই তার বিরুদ্ধে ঘোষিত ১০ বছর করে তিনটি মামলার সাজা কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা রাষ্ট্রপক্ষকে দ্রুত উচ্চ আদালতে আপিল করে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’র সূচনা করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বলা হয়েছিল জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়া হবে, কিন্তু সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত জুলাই গণহত্যা ও অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং রায় কার্যকর করাই হবে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ। তিনি আরও বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই তা খুলে নেবে। জুলাই সনদ বাস্তবায়ন, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখনো এনসিপির অন্যতম প্রধান দাবি। নির্বাচনের সময় সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনো দেখা যায়নি এবং এবারের জুলাই জাগরণ কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন।

সারাবাংলা/এফএন/এসআর