Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেট
২ জুলাই ২০২৬ ১৭:৫৫ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২০:১৪

সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক-এর দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। খায়রুল হকের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে, গত ৩০ জুন একই মামলায় খায়রুল হক-কে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ বিষয়ে আদেশ দেন। এর আগে, ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খোয়াইব যাত্রাবাড়ী পদচারী–সেতুর নিচে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক-কে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তাকে ধারাবাহিকভাবে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর