ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (জুলাই-ডিসেম্বর) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের দফতরে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি শাখায় এক হাজার টাকা জমার মূল রসিদ, সব পরীক্ষার নম্বরপত্র ও সনদের ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং গবেষণার সংক্ষিপ্ত রূপরেখা (সিনোপসিস) জমা দিতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণের পর আবেদন করতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল হবে।
যোগ্যতার ক্ষেত্রে এমফিল ডিগ্রি অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স অথবা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। সিজিপিএ পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ বা ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।
এ ছাড়া স্বীকৃত জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের আবেদনকারীদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রবন্ধ একক নামে প্রকাশিত হতে হবে।
তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য অতিরিক্তভাবে কমপক্ষে দুই বছরের শিক্ষকতা, গবেষণা বা সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত কিংবা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।