ঢাকা: মহান স্বাধীনতার ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী এই গ্রন্থটি রচনা করেছেন। তিনি বলেন, এই গ্রন্থে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, অনন্য নেতৃত্ব ও উন্নয়ন দর্শনকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে জাতীয় জীবনে জিয়াউর রহমানের বহুমাত্রিক অবদান ও তার রাজনৈতিক দূরদর্শিতার নানা অজানা অধ্যায় এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে কাজ করবে।
গ্রন্থটির মোড়ক উন্মোচনকালে উপস্থিত থেকে বিশেষ সহযোগিতা প্রদান করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। অনুষ্ঠানটিতে তিনি বলেন, রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও তার উন্নয়নমুখী চিন্তাধারা এ দেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।