ঢাকা: ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে চলতি মাসের ১৩ তারিখ থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপে ধাপে ইসির কারিগরি ও ব্যবস্থাপনা টিম এই তিন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য ঢাকা ত্যাগ করবে বলে নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এই তিন দেশে কার্যক্রম চালুর লক্ষ্যে মোট ছয়টি দল পাঠানো হচ্ছে, যাদের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘আইডিয়া প্রকল্প (২য় পর্যায়)’।
সরকারি সূচি অনুযায়ী, আগামী ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এরপর ১৫ জুলাই আইডিয়া প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে।
ফ্রান্সের জন্য নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে এবং সেখানে সাত দিন অবস্থান করে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করবে। পরবর্তীতে ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ফ্রান্স সফর করবে।
অন্যদিকে সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল দেশটিতে পৌঁছাবে। সেখানে সাত দিন অবস্থান করে তারা প্রাথমিক কাজ সম্পন্ন করার পর ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সিঙ্গাপুর সফর করবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম সফলভাবে চলছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে এই সেবা চালু হলে তা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে এবং তালিকায় আরও তিনটি দেশ যুক্ত হবে।