Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তের আম বাজারে প্লাস্টিক ক্রেট সিন্ডিকেটের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৫:৩৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম শেষের দিকে হলেও প্লাস্টিক ক্রেটের অস্বাভাবিক দাম ও কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে এখনও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ী ও আমচাষীদের। তাদের অভিযোগ, বাজারে ক্রেটের সরবরাহ ও মূল্য একটি অসাধু চক্র নিয়ন্ত্রণ করায় মৌসুমজুড়েই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

বর্তমানে বাজার থেকে ঐতিহ্যবাহী বোম্বাই, লক্ষণভোগ, ল্যাংড়া ও ক্ষীরশাপাত জাতের আম প্রায় শেষ হয়ে গেছে। এখন আম্রপালি, ফজলি ও বারি-৪ জাতের আমের বেচাকেনা চলছে। ব্যবসায়ীদের তথ্যমতে, আম্রপালি প্রতি মণ ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা, উন্নতমানের ফজলি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং বারি-৪ জাতের আম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, আমের বাজার মোটামুটি ভালো থাকলেও প্লাস্টিক ক্রেটের অতিরিক্ত মূল্য তাদের লাভের বড় অংশ কমিয়ে দিচ্ছে। কয়েকবার প্রশাসনের কাছে

অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। আমচাষীদেরও অভিযোগ, ক্রেটের বাড়তি খরচের প্রভাব উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবাইকে বহন করতে হচ্ছে। এতে আম বিপণনের ব্যয় বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ীদের মুনাফা কমে আসছে।

চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির সহ-সভাপতি খায়রুল আলম বলেন, ‘ক্রেটের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কী কারণে দাম বাড়ছে, তা মনিটরিং করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।’

আম ও ক্রেট ব্যবসায়ী মান্নান বলেন, ‘গত বছরের তুলনায় এবার ক্রেটের দাম অনেক বেশি। এতে আমরা হিমশিম খাচ্ছি। ক্রেটের দাম কিছুটা কমলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে।’

ব্যবসায়ীদের দাবি, বাজারে নিয়মিত তদারকি বাড়িয়ে প্লাস্টিক ক্রেটের মূল্য নিয়ন্ত্রণ এবং কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আগামী মৌসুমে আম ব্যবসা আরও স্বাভাবিক হবে।