Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ২০:০২ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২০:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প – ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেশজুড়ে এই গৌরবময় উপলক্ষ উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে ‘আমেরিকান ড্রিম’, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, আদর্শ এবং বিশ্বের প্রতি আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে। আমাদের স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।

বিজ্ঞাপন

গত পাঁচ দশকে আমাদের দুদেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্বে উন্নীত হয়েছে। বর্তমানে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি।

বিশেষ করে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি আপনাকে আশ্বস্ত করছি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আমাদের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে আমি এবং আমার সরকার আপনার ও আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যাব।

এই আনন্দঘন মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর