Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন দফা দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

স্টাফ করেসপন্ডেট
৪ জুলাই ২০২৬ ২১:০৮ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২৩:৫৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় একযোগে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সারজিস আলম বলেন, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ঐতিহাসিক জুলাই মাস হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বহন করে। সেই চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আরও বিস্তৃত করতে এনসিপি এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী ৬ জুলাই থেকে দলের শীর্ষ নেতারা উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথকভাবে পদযাত্রায় অংশ নেবেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জনসচেতনতা গড়ে তোলা হবে।

সারজিস আলম আরও বলেন, এনসিপির বিশ্বাস, জুলাই শুধু একটি মাস নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ের প্রতীক। তাই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের অবদান যথাযথভাবে স্মরণ করাই তাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলন থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশাজীবীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

সারাবাংলা/টিএম/এসআর