Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন ও স্বীকৃতি চান বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী: ডেন্টাল পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৭:১১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী প্রায় ২০ হাজার প্রশিক্ষিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন থেকে বঞ্চিত রয়েছেন। এমন কী, তারা সরকার অনুমোদিত স্বাস্থ্য শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সনদ থাকা সত্ত্বেও তারা এখনও পেশাগত স্বীকৃতি পাচ্ছেন না।

রোববার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’ নেতারা এ অভিযোগ তুলে ধরেন।

তারা বলেন, এটি শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর অধিকার বঞ্চনার বিষয় নয়; বরং রাষ্ট্রের অর্থায়নে গড়ে ওঠা দক্ষ মানবসম্পদের যথাযথ ব্যবহার, নিরাপদ দন্তসেবা নিশ্চিতকরণ এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীন পরিচালিত ২৩টি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং পঞ্চাশোর্ধ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। প্রতি বছর আরও সহস্রাধিক শিক্ষার্থী এই পেশায় যুক্ত হলেও বিএমডিসি থেকে পেশাগত নিবন্ধনের অভাবে তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও হয়রানির স্বীকার হচ্ছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সমপর্যায়ের স্বাস্থ্য পেশাজীবী মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি হতে পেশাগত নিবন্ধন ও সীমিত পরিসরে প্র্যাকটিসের সুযোগ ভোগ করছেন। এছাড়া, ১৯৮০ সালের বিএমডিসি আইনের ১৫(৩) ধারার অধীন প্রাতিষ্ঠানিক একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে একটি জনগোষ্ঠী কে নিবন্ধন প্রদান করা হয়েছিল, যা এখনো নবায়ন করা হচ্ছে। অথচ সরকার অনুমোদিত চার বছর মেয়াদি স্বাস্থ্যশিক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টাল ডিপ্লোমাধারী’রা আজও পেশাগত নিবন্ধন থেকে বঞ্চিত।

সংগঠনের নেতারা আরও বলেন, স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে তাদের Scope of Practice নির্ধারণ করেছে এবং সীমিত প্রাইভেট প্র্যাকটিসের সুপারিশ করেছে। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও
মতামত দিয়েছে যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সুযোগ প্রদানে কোনো আইনগত বাধা নেই। ফলে বিষয়টি এখন আর আইনগত নয়; বরং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়।

সংগঠনটির মহাসচিব আরো দাবি করেন, ১৯৮৩ সালের ১ জুন বিএমডিসি’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলেও চার দশকেরও বেশি সময় ধরে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো নিরাপদ ও মানসম্মত প্রাথমিক দন্তসেবা থেকে বঞ্চিত। এই সুযোগে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ ও ডিগ্রিবিহীন ব্যক্তিরা দন্তসেবা প্রদান করছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, সরকার অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের আইনগত স্বীকৃতির অভাবে জনগণের সেবায় তাদের দক্ষতা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারছেন না। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় —বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ১৫ ও পঞ্চম তফসিলে ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রিকে অন্তর্ভুক্ত করে বিএমডিসি আইন-২০১০ এর ৩৫ ধারা মোতাবেক গেজেট বিজ্ঞপ্তি জারি এবং বিএমডিসি হতে পেশাগত নিবন্ধন কার্যকর করা, যাতে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক নির্ধারিত কাজের পরিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নিশ্চিত হয়।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো—

৭ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান; ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন এবং ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় মহাসমাবেশ পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পদযাত্রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর