Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অডিট ফার্ম নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৯:৫১

ঢাকা: রফতানি খাতে বিকল্প নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির আবেদন যাচাইয়ের ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবছরের রফতানির বিপরীতে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির আবেদন নিরীক্ষার জন্য ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত সমসংখ্যক অডিট ফার্মকে ব্যবহার করা যাবে। তবে এর বাইরে অতিরিক্ত কোনো অডিট ফার্ম নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর পূর্বানুমতি নিতে হবে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান শাখায় পাঠিয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতসহ অন্যান্য প্রযোজ্য খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে দেওয়া বিকল্প নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির আবেদন নিরীক্ষায় ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত অডিট ফার্মের সমসংখ্যক অডিট ফার্ম নিয়োগ করা যাবে। এ বিষয়ে আগে জারি করা ২০২৩ ও ২০২৪ সালের সার্কুলারের ধারাবাহিকতায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের রফতানির বিপরীতে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত সমসংখ্যক অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করা যাবে।

তবে কোনো ব্যাংকের প্রয়োজন হলে নির্ধারিত সংখ্যার বাইরে অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগের সুযোগও রাখা হয়েছে। সেক্ষেত্রে কেন অতিরিক্ত অডিট ফার্ম প্রয়োজন, সংশ্লিষ্ট ফার্মটি অতীতে ওই ব্যাংকে নিয়োজিত ছিল কি না, কতটি ভর্তুকি-সংক্রান্ত আবেদন নিরীক্ষা করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এ অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, অডিট কার্যক্রম-সংক্রান্ত ২০২৩ ও ২০২৪ সালে জারি করা আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা এবং এ-সংক্রান্ত বিদ্যমান সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংকগুলোকে বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করে যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।