Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনকে অবমাননা / আনিস, শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২০:১৮

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয় জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট ইবি থানায় এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে নাম থাকা অন্যরা হলেন- শান্তা ফারজানা, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হন। আন্দোলনটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হলেও সম্প্রতি কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করছেন।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। এ ছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ করে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদীর বিরুদ্ধেও বিভিন্ন সময়ে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট ছয় জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানান ওসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর