Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিতে গতি আনতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহ‌বিল


৬ জুলাই ২০২৬ ১৮:৫৯

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: দেশের উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রফতানি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে এই তহবিল ব্যবহার করা হবে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। উত্তরাঞ্চল দেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন এলাকা হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন, প্রক্রিয়াজাতকরণ শিল্প ও বাজারজাতকরণ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এসব সীমাবদ্ধতা দূর করতেই নতুন এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তহবিলটি বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং দেশের সব তফসিলি ব্যাংক এতে অংশ নিতে পারবে। তহবিলের মেয়াদ হবে তিন বছর। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করতে হবে।

এই তহবিলের অর্থ চারটি প্রধান খাতে বিতরণ করা হবে। এর মধ্যে কৃষি উৎপাদনে ১৫ শতাংশ, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে ৩৫ শতাংশ, কৃষিভিত্তিক শিল্প ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে ৩৫ শতাংশ এবং কৃষিপণ্য রফতানিতে ১৫ শতাংশ বরাদ্দ থাকবে। কোল্ড স্টোরেজ, সাইলো, গুদাম, কোল্ড চেইন লজিস্টিকস, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তুলতে এই অর্থ ব্যবহার করা যাবে।

ঋণের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। কৃষি উৎপাদন খাতে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ পাবেন। সংরক্ষণ ও অবকাঠামো এবং কৃষিভিত্তিক শিল্প ও প্রক্রিয়াজাতকরণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের প্রকৃত প্রয়োজন বিবেচনায় ঋণের পরিমাণ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো বা কমাতে পারবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়নের সুবিধা পাবে। তবে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফা হারে ঋণ বিতরণ করতে হবে। ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে শরিয়াহভিত্তিক মুনাফা নির্ধারণ করা হলেও তা ৯ শতাংশের বেশি হতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই তহবিলের আওতায় দেওয়া ঋণ অবশ্যই নতুন ঋণ (Fresh Disbursement) হতে হবে। পুরোনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা সমন্বয়ের কাজে এই অর্থ ব্যবহার করা যাবে না। এছাড়া ঋণগ্রহীতার কাছ থেকে নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উত্তরাঞ্চলে মূল্য সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিপণ্যের রপ্তানি সক্ষমতা বাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাই এই পুনঃঅর্থায়ন তহবিলের মূল উদ্দেশ্য।

সারাবাংলা/এসএ/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর