বিশ্বকাপে এখন পর্যন্ত অবিশ্বাস্য পারফর্ম করেছেন তিনি। একের পর এক রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে লিওনেল মেসি। তবে এসবের মধ্যেই এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন মেসি!
তবে সেই নিষেধাজ্ঞা অবশ্য বিশ্বকাপের মধ্যে নয়। আর্জেন্টিনা ফাইনালে গেলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। তার ১০ দিন পর ২৯ জুলাই মেজর লিগ সকার লিগে অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তবে মেসি ক্লান্তি বা বিশ্রামের কারণে এমএলএস অল-স্টার ম্যাচ মিস করতে পারেন। এতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এই কিংবদন্তি ফুটবলার।
এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগে জন্য তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নেওয়ায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৮ গোল নিয়ে মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন।