Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / স্বাধীনতা দিবসে বিশপের প্রার্থনায় ‘মেসির বার্তা’

ক্রীড়া ডেস্ক
১১ জুলাই ২০২৬ ০৮:৩৭ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১১:১০

লিওনেল মেসি।

তিনি যে আর্জেন্টিনার জন্য বিশেষ কিছু, সেটা আর নতুন করে বলার কী আছে। দেশটির স্বাধীনতা দিবসে সেটা আবারও প্রমাণ করলেন আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে গিয়ে, ব্যবহার করলেন লিওনেল মেসির বার্তা!

বিস্ময়কর এই ঘটনাই ঘটেছে, দেশটির রাজধানী বুয়েনস এইরেসের ক্যাথেড্রালে। ৯ জুলাই ছিল আর্জেন্টিনার স্বাধীনতা দিবস। সেদিন ভাষণ দিতে গিয়ে মেসির এক বার্তাই তুলে ধরলেন বিশপ।

চার বছর আগে, কাতার বিশ্বকাপ জয়ের পর, দেশের মানুষকে এক ছাতার নিচে আসার বার্তা দিয়েছিলেন মেসি। এই মহাতারকা লিখেছিলেন, ‘যখন আমরা আর্জেন্টাইনরা একসাথে লড়াই করি, ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা কিছু করার জন্য মনস্থির করি, তা অর্জন করতে সক্ষম হই।’

বিজ্ঞাপন

ওই প্রার্থনা সভায়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের উপস্থিতিতে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে গিয়ে, মেসির সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া পেস্টের উদ্ধৃতি দেন আর্চবিশপ, ‘আসুন, আমরা এই জার্সি পরি এবং আবেগের সাথে লিওনেল মেসির একসময় সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তাটি বাস্তব করে তুলি।’

আর্চবিশপের এই বার্তা আলোচনায় আসে, শেষ ষোলোর ম্যাচে, মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে আর্জেন্টিনা ৩-২ গোলে জেতার দুই দিন পর। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির দল বাংলাদেশ সময় ১২ জুলাই ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

কাতার বিশ্বকাপের মতো, এবারও আর্জেন্টিনাকে সামনে থেকে পথ দেখাচ্ছেন মেসি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যে গোল করেছেন ৮টি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ রাঙিয়ে রাখার পথেই ছুটছেন এই মহাতারকা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর