জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসীত থাকে ১-১ সমতায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বেলিংহ্যাম গোল করে দলকে এগিয়ে দেন। ২০১৮ সালের পর আবার সেমিফাইনালে উঠতে পারল ইংল্যান্ড। বেলিংহামের এই বিশ্বকাপে গোলসংখ্যা হয়েছে ৬। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
আসরজুড়ে একের পর এক চমক জাগানো নরওয়ে এখানেও প্রথমে চমকে দিল ইংল্যান্ডকে। সেই ধাক্কা সামলে, দলকে পথ দেখালেন জুড বেলিংহাম। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল টমাস টুখেলের দল।
মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ২-১ গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে।
আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই দলটিই আসরের শুরু থেকে দারুণ সব পারফরম্যান্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ বত্রিশে তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে দেয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে নেমে, ফেভারিট ইংল্যান্ডেরও চোখে চোখ রেখে লড়াই করল নরওয়ে। পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও প্রায় সমানে-সমান তারা। গোলের জন্য দলটির ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল, ইংলিশদের ১৪ শটের আটটি থাকে লক্ষ্যে।
শেষ কয়েক মিনিটে মরিয়া হয়ে চেষ্টাও করে নরওয়ে; কিন্তু লড়াইয়ে আর নাটকীয়তা ফেরাতে পারেনি তারা।
এই নিয়ে চতুর্থবার কোয়ার্টার-ফাইনালের বাধা পার হতে পারল ইংল্যান্ড। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, ১৯৯০ ও ২০১৮ আসরে সেমি-ফাইনালে শেষ হয়েছিল তাদের যাত্রা।