ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সারে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে তিনি নিজের কাজের উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকার রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ওই যুবক মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে সজোরে ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে রাকিবের বাবা মফিজুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। রাকিব এলাকার একটি কলেজ থেকে সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গ্রাম থেকে একটি চাকরির ইন্টারভিউ দেয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।