বলা হচ্ছিল, এই ফ্রান্সকে ঠেকানোর মতো দল বিশ্বকাপে নেই। প্রবল প্রতাপে টানা তৃতীয় ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল কিলিয়ান এমবাপ্পের দল। তবে তাদের সেই জয়যাত্রা থামিয়ে দিল স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে পা রাখল লামিন ইয়ামালের দল।
এই দিনটির অপেক্ষা ঠিক ১৬ বছরের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা মঞ্চে পা রেখেছিল স্পেনের সোনালী প্রজন্ম। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোহারা। এরপর থেকেই শুরু অপেক্ষার। একে একে তিনটি বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখেছে স্পেনের ফুটবলের পতন।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব পাড় করা গেলেও বেশিদূর এগুতে পারেনি, শেষ-১৬ থেকেই ফিরতে হয়েছে। এবার লুইস দে লা ফুয়েন্তের অধীনে বদলে যাওয়া এক স্পেনকে দেখলো বিশ্ববাসী। ফরাসি দম্ভ চূর্ণ করে তারা পা রেখেছে বিশ্বকাপের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের দলকে ২-০ ব্যবধানে হারিয়ে এবার বিশ্বজয়ের অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
টানা তিন ম্যাচে ফ্রান্সকে হারাল স্পেন। ২২ মিনিটে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি গোলে লিড নিয়েছিল স্পেন। সেই লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। ফ্রান্সের আগ্রাসি আক্রমণভাগকে মাঝমাঠ থেকেই অকার্যকর করার কৌশলে নেমেছিল স্পেন। রোদ্রির নেতৃত্ব স্প্যানিয়ার্ড মিডফিল্ড খেলেছে ছকে বাঁধা ফুটবল। সহযাত টিকিটাকা নয়, বল পজেশন ধরে রেখে তারা আক্রমণে গেছে। তাতেই দিশেহারা ফ্রান্স। চার ফরোয়ার্ড নিয়ে নেমেও তারা সুবিধা করতে পারেনি।
বিরতি থেকে ফিরে কেবল ঘর সামলানোয় মনযোগ দেয়নি স্পেন। বরং মাঝমাঠের আধিপত্য ধরে রেখে তারা চেয়েছে ব্যবধান বাড়াতে। ৫৮ মিনিটে ব্যবধান ঠিকই বাড়িয়ে নেয় দলটি। দানি ওলমোর সাজানো বলকে গোলের ঠিকানায় পাঠান পেদ্রো পারো। বাকিটা সময় একই তালে এবং একই কৌশলে খেলে ফরাসিদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে জয় তুলে নেয় স্পেন।
রেকর্ড ২৬তম বিশ্বকাপ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো দিদিয়ের দেশম আরেকবার কৌশলের লড়াইয়ে হার মানলেন চৌকস লুইস দে লা ফুয়েন্তের কাছে। এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগে হার মানা দেশম বিশ্বকাপের মঞ্চে ভাগ্য বদলাতে পারেননি। তাই ২০১৮ ও ২০২২ ফাইনাল খেলা ফরাসিদের এবার বাড়ি ফিরতে হচ্ছে আগেভাগেই।
সোমবার নিউ জার্সি স্টেডিয়ামে হবে ফাইনাল। স্পেন এখন অপেক্ষায় থাকবে শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষের। বুধবার আটলান্টায় অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।