Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্র সংস্কারে নতুন রাজনৈতিক ধারার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:২৪

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, রাষ্ট্র সংস্কার কোনো একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়, বরং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তির নৈতিক দায়িত্ব এটি।

আলোচনা সভায় রাজনৈতিক চিন্তক ও গবেষক ডা. হেলালুজ্জামান আহমেদ বলেন, ‘গণআকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারের দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। নয়তো এই অভ্যুত্থানের সুফল দেশের জনগণ কখনোই পাবে না।’

বিজ্ঞাপন

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ঐতিহাসিকভাবেই বাংলাদেশের জনগণ বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের কারণে বারবার প্রতারিত হয়েছে। তিনি বলেন, যদি ৫ আগস্ট এই গণঅভ্যুত্থানকে বিপ্লব হিসেবে ঘোষণা করে নতুন সংবিধান লেখার কাজ হাতে নেওয়া হতো, তবে পরিস্থিতির ভিন্নতা থাকতো। পুরোনো সংবিধান বহাল থাকায় রাষ্ট্রের আগের চরিত্র রয়ে গেছে।’

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘পুরোনো রাজনৈতিক শক্তিগুলো বারবারই জাতির সাথে প্রতারণা করেছে। জনগণকে এসব প্রতারণা থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে যেসব রাজনৈতিক শক্তি লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের নিয়ে নতুন ধারার রাজনীতিকে এগিয়ে নিতে হবে।’

গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী সামান্তা শারমিন বলেন, ‘রাজনৈতিক নেতাদের নীতি-নৈতিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।’

জেএসডি সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, ‘রাষ্ট্র সংস্কার কোনো একক দলের বাস্তবায়িত করার বিষয় নয়, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলের নৈতিক কর্তব্য।’

মূল প্রবন্ধে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং দলকেন্দ্রিক শাসনব্যবস্থার সীমাবদ্ধতা অতিক্রম করে একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি। তিনি রাষ্ট্রক্ষমতার বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেএসডি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া ও মহানগর সমন্বয়ক নুরুল আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর