ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবির ডগ স্কোয়াডের সক্ষমতা কাজে লাগানো হবে।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যাতে দ্রুত তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধেও বিজিবির ভূমিকা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডগ স্কোয়াড ব্যবহারের বিধান রাখা হয়েছে। তবে নতুন ডগ স্কোয়াড গড়ে তুলতে সময় লাগবে। ততদিন মাদকবিরোধী অভিযানে বিজিবির বিদ্যমান ডগ স্কোয়াডের সহায়তা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিজিবির সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, নতুন যানবাহন, আধুনিক সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের বিষয়ে একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমও আরও জোরদার করা হবে। দুর্গম এলাকায় নৌকার মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার অভিযানে বাহিনীর ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।