Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৮:১৫

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালে মোজাফফর হোসেনকে হাজিরের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালতে তিনি বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতারের পর বর্তমানে মোজাফফর হোসেন সামরিক পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ তদন্তের স্বার্থে তাকে ট্রাইব্যুনালে হাজির করা প্রয়োজন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।

এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ প্রসিকিউশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মেজর (অব.) মোজাফফরের বিরুদ্ধে সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। দীর্ঘদিন তিনি ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেন-কে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর