Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা, অভিযুক্ত আলীকে দ্রুত গ্রেফতারের দাবি

স্টাফ করনপরস
২১ জুলাই ২০২৬ ১৯:৫০ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ২২:১৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত আলীকে আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন। একই সঙ্গে নিহত কর্মকর্তার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। কর্মসূচিতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪টি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর এলাকায় খেলাপি ঋণের অর্থ আদায়ে গেলে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের ওপর হামলা চালান ঋণখেলাপি আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঘটনার দুই সপ্তাহ পার হলেও এখনো মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বক্তারা অভিযোগ করেন, একজন ব্যাংক কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে। কিন্তু ঘটনার পরও অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত গ্রেপ্তার না হলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

সংগঠনের নেতারা বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আলীকে গ্রেফতার করতে হবে এবং নিহত আরিফুল ইসলামের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে ‘বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন’ আগামী ২৭ জুলাই একটি মহাসমাবেশের ঘোষণাও দেয়। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সারাবাংলা/এসএ/এসআর