Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / গুজবে কান দিতে চান না স্কালোনি

ক্রীড়া ডেস্ক
২২ জুলাই ২০২৬ ০৯:৩৮

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে ম্যাচের আগে লিওনেল মেসির ড্রেসিংরুমের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং দলের পারফরম্যান্স নিয়ে ওঠা বিভিন্ন আলোচনাকে গুরুত্বই দেননি তিনি।

নিজ শহর পুজাতোতে ফেরার আগে সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে আমি কিছুই জানি না। আপনারা কী বলছেন সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।‘

দলে কোনো বিভক্তি বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রশ্নও সরাসরি নাকচ করে দেন আর্জেন্টাইন কোচ, ‘ছেলেরা এই জার্সির জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যেই জাতীয় দলে আসুক, সে যেন একই মানসিকতা নিয়ে আসে।‘

বিজ্ঞাপন

বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও দেশে ফেরার পর সমর্থকদের অভূতপূর্ব সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি, ‘অভ্যর্থনাটা ছিল অবিশ্বাস্য। হার মেনে নেওয়া কঠিন কিন্তু পরাজয় থেকেও শেখার মতো ইতিবাচক অনেক কিছু থাকে।‘

নিজের ভবিষ্যৎ নিয়েও আবারও ধোঁয়াশা রেখে দিয়েছেন স্কালোনি। ডিসেম্বর পর্যন্ত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্জেন্টিনা। আমি থাকি বা না থাকি, এই দলের ঐক্যটাই সবচেয়ে বড় বিষয়।‘

ফাইনালের পর আবেগঘন সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন আর্জেন্টিনার কোচ হওয়াটাই তার কাছে স্বপ্নপূরণ, ‘এত কিছু অর্জন করতে পারব কখনো কল্পনাও করিনি। এই জায়গায় থাকতে চাইবে না— এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।‘

এখন অবশ্য জাতীয় দল নয়, পরিবারকেই সময় দিতে চান বিশ্বকাপজয়ী এই কোচ। এরপর সেপ্টেম্বরে আর্জেন্টিনার পরবর্তী ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিশ্বকাপের পর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে, তবে প্রতিপক্ষ ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর